পেছালো গেম ডেভেলপারস কনফারেন্স

১ মার্চ, ২০২০ ০৭:৪০  
এবার পেছালো গেম ডেভেলপারস কনফারেন্স (জিডিসি) ২০২০। ফেসবুক, সনি, মাইক্রোসফট, অ্যামাজনের মতো প্রতিষ্ঠানগুলো করোনাভাইরাস শঙ্কায় সম্মেলন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত জানানোর পর আয়োজন পিছিয়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন আয়োজকরা। এক বিবৃতিতে জিডিসি আয়োজকরা জানিয়েছেন, “গেম উন্নয়ন শিল্পে এবং বিশ্বব্যাপী কমিউনিটিতে থাকা অংশীদারদের সঙ্গে গভীরভাবে আলোচনা করে এই মার্চের গেম ডেভেলপার কনফারেন্স পিছিয়ে দেওয়ার মতো কঠিন সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে গ্রীষ্মের পরবর্তী কোনো সময়ে জিডিসি আয়োজন করা হবে।” বিবৃতিতে বলা হয়, “আমাদের উপদেষ্টা বোর্ড, বক্তা, প্রদর্শক এবং আয়োজন অংশীদারদের সঙ্গে মিলে গত একটি বছর ধরে প্রস্তুতি নেওয়ার পর এ কাজটি করে আমরা দুঃখিত ও হতাশ।” তবে অংশীদারদের সঙ্গে আলোচনা করে আগামী কয়েক সপ্তাহের মধ্যেই বিস্তারিত চূড়ান্ত করা হবে এবং পরিকল্পনা সম্পর্কে সবাইকে জানানো হবে বলেও উল্লেখ করা হয়েছে জিডিসি-এর ওই বিবৃতিতে।